প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আসর চলছে। আজারবাইজানের বাকুতে চলমান এই টুর্নামেন্টে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড ম্যাচে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। প্রতিপক্ষ এক আইরিশ ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ইংলিশ যুবারা ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে চলে যায়।
গ্রুপ ‘সি’-এর ম্যাচটির শেষ মিনিটে ঘটনাটি ঘটে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। এই ঘটনায় তদন্ত করে দেখার কথা জানিয়েছে ফিফা। ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ইংল্যান্ডের এক খেলোয়াড় ডাগআউটের দিকে এগিয়ে যান। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের একজন খেলোয়াড় তাকে ‘বানর’ বলে গালি দেয় বলে অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি কোচিং স্টাফকে জানানোর পর ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাট থর্পকে রেফারির সঙ্গে কথা বলতে এগিয়ে যান। রেফারিকে ডেকে কথা বলার একপর্যায়ে নিজের খেলোয়াড়দের মাঠ থেকে উঠে যাওয়ার নির্দেশ দেন তিনি। পরে ইংল্যান্ড অ-১৫ দলের এক সহকারী কোচ পরে রেফারিকে বলেন, ‘আমরা বর্ণবাদের অভিযোগ জানাচ্ছি। আমাদের দল আর খেলা চালিয়ে যেতে চায় না।’
এই ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এক মুখপাত্র বলেন, ‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে ফিফা অবগত রয়েছে। ইংল্যান্ডের খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। এরপর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে কমিটি।’


✍️ মন্তব্য লিখুন