বাংলার লোকসংস্কৃতি, কবিগান ও দেশজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হচ্ছে ‘কবিয়াল উৎসব-২০২৬’। এ উৎসবে কবিয়াল সাহিত্য পুরস্কার পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গাজীউল হাসান খান, কবি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুব্রত পাল এবং কবি জুনান নাশিত।
কবিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)। উদ্বোধন করবেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) সরদার তমিজউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কবিয়াল ফাউন্ডেশনের গভর্নর বাপ্পি সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবিয়াল ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণাগ্রন্থ ‘নজরুলের সাম্যবাদী চেতনা’ এবং মুহাম্মদ ছমিউদ্দীন চিশতীর কাব্যগ্রন্থ ‘রুহের সফর’র মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজকরা বলেন, এ উৎসবের মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি, কবিগানের ঐতিহ্য ও সাহিত্যচর্চার প্রসারে নতুন আগ্রহ তৈরি হবে এবং দেশজ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ প্রজন্ম আরও উৎসাহিত হবে।


✍️ মন্তব্য লিখুন