প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকসমূহের গ্রাহকগণ ভোগান্তির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকসমূহের গ্রাহকগণ ভোগান্তির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে এবং অতি শীঘ্রই স্যুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এনপিএসবি প্লাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত অন্যান্য প্লাটফর্মসহ (যথা: BACPS, BEFTN RTGS) দেশের সব পরিশোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।
এ সময়ে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প পেমেন্ট প্লাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক।


✍️ মন্তব্য লিখুন