‘জয় বাংলা’ স্লোগান দিয়েও শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বর্তমানে এটি পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর, বুরুঙ্গা ও গোয়ালাবাজারে পৃথক তিনটি কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের পূর্ণ সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। কোনো পলাতক সন্ত্রাসী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে পার পাবে না। সরকার বর্তমানে ধৈর্যের পরিচয় দিয়ে অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে। এতেও কাজ না হলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে তাদের দমন করা হবে।”
নেতা-কর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, নৈরাজ্যকারীদের রুখে দিতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অপরাধীদের এমনভাবে প্রতিহত করতে হবে, যেন তারা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বিদেশ থেকে উসকানিদাতাদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং দেশীয় চক্রান্তকারীদের আইনের আওতায় এনে কারাগারে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুর ১টার দিকে সিলেট নগরী থেকে ওসমানীনগরের উদ্দেশে রওনা হন। প্রথমে তাজপুর বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সৈয়দ এনামুল হকের নেতৃত্বে আয়োজিত পথসভায় যোগ দেন। পরে বুরুঙ্গা বাজারে একটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রকল্প উদ্বোধন করেন এবং সেখান থেকে ফেরার পথে প্রয়াত গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরবর্তীতে প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তিনি। মিছিলে জেলা, উপজেলা ও ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


✍️ মন্তব্য লিখুন