হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত জুন মাসে। প্রেক্ষাগৃহে মোটামুটি চলেছিল। তবে সমালোচকেরা সিনেমাটিকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন। বেশির ভাগেরই রায় ছিল ‘জঘন্য’। কিন্তু সেই সিনেমা গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তির পর চমকে দিয়েছে। প্ল্যাটফর্মটির বৈশ্বিক তালিকার অ–ইংরেজি শীর্ষ ১০ সিনেমার তালিকায় এটি আছে চারে। বাংলাদেশে আছে শীর্ষে! প্রেক্ষাগৃহে গড়পড়তা ব্যবসা, সমালোচকদের বাজে তকমা সত্ত্বেও ওটিটিতে মুক্তির পর হিট ‘ককটেল ২’।
গল্প কী নিয়ে
১৪ বছর পর এসেছে ‘ককটেল ২’। ২০১২ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ককটেল’ ছিল সে সময়ের অন্যতম সফল রোমান্টিক ড্রামা। ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি। বন্ধুত্ব, প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও আধুনিক শহুরে জীবনের গল্প নিয়ে নির্মিত সেই ছবি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন হোমি আদাজানিয়াই।
তবে প্রথম ছবিটি পেয়েছিল ইউ/এ সার্টিফিকেট, যেখানে ‘ককটেল ২’ সরাসরি ‘এ’ সার্টিফিকেট পেল। নতুন ছবির গল্পে সম্পর্ক, আবেগ ও প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর মাত্রা আরও বেশি। তবে এটি সরাসরি আগের গল্পের ধারাবাহিকতা নয়; বরং একই আবেগ ও সম্পর্কের জটিলতাকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা। সিনেমাটি মূলত এই সময়ের সম্পর্কের গল্প।


✍️ মন্তব্য লিখুন