কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুরের মতলব সার্কেলের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মোট ৩৫৮ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানে কিশোর-তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে একযোগে সব থানায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, মতলব উত্তরে ৫৩ জন, মতলব দক্ষিণে ৩৭ জন, ফরিদগঞ্জে ৪১ জন, শাহরাস্তিতে ৪৫ জন, কচুয়ায় ৬২ জন, হাজীগঞ্জে ৩৭ জন এবং হাইমচরে ৪৮ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এ ছাড়া মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলার সময় কয়েকজন কিশোরকে আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরের সব থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোরদের আটক করা হয়েছে। এর মধ্যে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, যাদের কাছে মাদক পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। অন্য কিশোরদের পরিবারের জিম্মায় দেওয়া হচ্ছে। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


✍️ মন্তব্য লিখুন