বাসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব-সংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর দুপুর ১টার দিকে পুলিশ ও দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে, সকাল থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় সেটিতে ঢিল ছোড়ার ঘটনা ঘটনা ঘটে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজে ফিরে গিয়ে ঘটনা জানালে তারা লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের দিকে যায়। পরে সেন্ট্রাল রোডে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা কলেজের একটি বাসে ইট ছোঁড়াকে কেন্দ্র করে ঝামেলার শুরু। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেয় এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব আহমেদ বলেন, ক্লাস শেষে ছুটির পর ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসে ইটপাটকেল ছোড়ে। এতে বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। পরবর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সেখানে গেলে ঝামেলা শুরু হয়।
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর আক্রমণ করেন। কী কারণে আক্রমণ করা হয়েছে, তা তারা জানেন না। এতে তাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে গেছে।
এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট ও ধানমন্ডি থানায় সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিলো। আমাদের শিক্ষকদেরও পাঠানো হয়েছিলো যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব বলেন, সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা ছিল। যাতে পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য পুলিশ সাইন্সল্যাবে অবস্থান করছে। কোনো অঘটন যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিক্ষার্থীরা কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা অন্য কোনোভাবে আক্রমণ করতে না পারে, সেজন্য পুলিশ শক্ত অবস্থান নিয়েছে।
ওসি আরও বলেন, সাইন্সল্যাবে প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি এই তিন থানা থেকে আলাদা আলাদা স্থানে পুলিশ সদস্যরা অবস্থান নেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়।


✍️ মন্তব্য লিখুন