রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
এক বিবৃতিতে ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানকে রাতের আঁধারে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে বিপুলসংখ্যক ব্যক্তি রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়। সরকারি টিকা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পরিবার পরিকল্পনার সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম মনে করে, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দখলদারিত্ব, পেশিশক্তি বা মব-তৎপরতার ক্ষেত্র হতে পারে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং এ ধরনের দখলদারিত্ব ও মব-তৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ন্যাশনাল ডক্টরস ফোরাম সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।


✍️ মন্তব্য লিখুন